পুজোর রেশ কাটতেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ধেয়ে আসছে কি ভয়াবহ ঘূর্ণিঝড়?
বার্তা ডেস্কঃ 
দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, থাইল্যান্ড ও মায়ানমার সংলগ্ন অঞ্চলের একটি ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে পৌঁছে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে শুক্রবার নাগাদ দক্ষিণ-পূর্ব এবং মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এই সিস্টেমটি আগামী ২৮ অক্টোবরের দিকে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া মডেল এবং বিশেষজ্ঞদের মতে, এই সম্ভাব্য নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং চলতি সপ্তাহের শেষের দিকে আন্দামান দ্বীপপুঞ্জের দিকে এগোতে পারে।
এই পরিস্থিতির জেরে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে আবহাওয়ার মারাত্মক অবনতি ও দুর্যোগ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ধরনের আবহাওয়া সিস্টেমগুলির গতিপথ এবং সুনির্দিষ্ট শক্তি সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি (IMD)। নিম্নচাপটি পুরোপুরি গঠিত হওয়ার পরই এর পরবর্তী অভিমুখ ও তীব্রতা সম্পর্কে স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্তমানে আবহাওয়াবিদরা পুরো পরিস্থিতির ওপর অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছেন।