ডেলিভারি না করেই আত্মসাৎ! সাড়ে চার লক্ষ টাকার সামগ্রীসহ হাতেনাতে ধরা পড়ল ডেলিভারি বয়
বার্তা ডেস্কঃ
নামী ই-কমার্স সংস্থার মাধ্যমে ক্রেতাদের দোরগোড়ায় অর্ডার পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই দায়িত্বশীল কাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেই বহুমূল্য সামগ্রী আত্মসাৎ করেছিলেন এক কর্মী। গুজরাতের ভাবনগর লোকাল ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়েছেন ফ্লিপকার্ট সংস্থার সুরতের এক ডেলিভারি বয়, যিনি প্রায় সাড়ে চার লক্ষ টাকারও বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে অভিযুক্ত। গত ২৩ অক্টোবর ভাবনগরের গঙ্গাজলিয়া লেক চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত রুৎভিক মাকওয়ানা গত প্রায় পনেরো দিন আগে সংস্থার গুদাম থেকে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, ঘড়ি ও প্রসাধনী চুরি করেছিলেন। সম্প্রতি ওই সামগ্রীগুলি কোনো রকম বৈধ রসিদ বা বিল ছাড়াই কম দামে বাজারে বিক্রি করার চেষ্টা করার সময় পুলিশের নজরে আসেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রসিদ দেখতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে তাঁর কাছ থেকে তেরোটি মোবাইল ফোনসহ মোট চার লক্ষ ৬০ হাজার টাকার সামগ্রী বাজেয়াপ্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।