স্কুলে না যাওয়ার আজব ফন্দি, ইমেইলে ‘বোমা’ হুমকি দিয়ে বিপাকে পড়ুয়া!
October 25, 2026
বার্তা ডেস্কঃ
দিল্লির লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের এক ছাত্রী এক দিন ছুটি পাওয়ার অদ্ভুত ফন্দি এঁটে স্কুল কর্তৃপক্ষের ইমেল আইডি-তে বোমা থাকার হুমকি বার্তা পাঠায়। গত ২৩ অক্টোবর পাঠানো এই ভুয়ো ইমেলের জেরে স্কুল চত্বরে চরম বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ দ্রুত তল্লাশি চালিয়ে ভবনটি খালি করে। তবে ব্যাপক চিরুনিতল্লাশির পর সেখানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু না মেলায় স্বস্তি ফেরে।
দিল্লি পুলিশের সাইবার শাখা উন্নত প্রযুক্তিগত বিশ্লেষণ ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে মাত্র দু’দিনের মাথায় ওই ইমেলের উৎস খুঁজে বের করে এবং অভিযুক্ত কিশোরীকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদে সে ছুটির আশাতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। ঘটনার জেরে জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে ওই ছাত্রীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।