জেএনইউ-এর দেওয়ালে উমর খালিদের মুক্তির স্লোগান, উত্তাল ক্যাম্পাস!
বার্তা ডেস্কঃ
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) দেওয়াল জুড়ে উমর খালিদের মুক্তির দাবি এবং নকশালবাড়ি সংক্রান্ত স্লোগান লেখাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২০ সালের সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সময় ঘটা দিল্লি হিংসার মামলায় মূল চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত উমর খালিদ বর্তমানে কারাবন্দি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের অবমাননার অভিযোগ তুলে তারা বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ইতিমধ্যেই তাদের নজরে এসেছে এবং কোনো স্বার্থান্বেষী মহলকে ক্যাম্পাসের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না। ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দি উমর খালিদের একাধিক জামিনের আবেদন বারবার খারিজ হয়ে গিয়েছে। পুলিশের এই ভূমিকাকে রাজনৈতিক আক্রোশ বলে বিরোধীরা দাবি করলেও, ক্যাম্পাসে সরকারি সম্পত্তি নষ্ট ও আপত্তিকর স্লোগান লেখার জেরে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।