কলকাতা মেডিক্যালে নাবালক মৃত্যু, দোষীদের ছাড় নয়!
বার্তা ডেস্কঃ
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নাবালকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, রোগীকে যে ইনজেকশনগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর কেমিক্যালের মান পরীক্ষা করা হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, লক্ষ্মীপুজোর সকালে পেটে তীব্র ব্যথা নিয়ে হাওড়ার আন্দুলের বাসিন্দা এগারো বছর বয়সি পবন যাদবকে কলকাতা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দুর্গাপুজ উপলক্ষে সে কলকাতায় মামার বাড়িতে এসেছিল। পরিবারের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসার পর জুনিয়র চিকিৎসকরা পরপর দুটি ইনজেকশন দেওয়ার পরেই ওই নাবালকের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা, যার জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।