সাইবার সন্ত্রাস থেকে দেশের অর্থনীতি বাঁচাতে কঠোর ব্যবস্থা জরুরি!
বার্তা ডেস্কঃ
সময় বদলে গিয়েছে এবং যুদ্ধের স্বরূপও পরিবর্তিত হয়েছে। এখন আর শুধুমাত্র রণভূমিতে যুদ্ধ সীমাবদ্ধ নেই, বরং শত্রুপক্ষ সরাসরি দেশের অর্থনীতিকে টার্গেট করছে। রবিবার ভুবনেশ্বরে ১৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ডেটা সেন্টার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ভারত যখন অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে চলেছে, তখন দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে যেকোনো ধরনের সাইবার অপরাধ এবং সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। পুরানো প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে বর্তমানের আধুনিক সাইবার হুমকি মোকাবিলা সম্ভব নয় বলেও তিনি সতর্ক করেন।
একই সঙ্গে পূর্বের রাজনৈতিক পরিস্থিতি ও আর্থিক অব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, অতীতে কংগ্রেসের শাসনকালে ফোন কলের মাধ্যমে প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার ঋণ পেতেন, যার ফলে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা এনপিএ বা অনাদায়ী ঋণের চাপে ধসের মুখে পড়েছিল। ২০১৪ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই দুর্নীতির ধারা পাল্টে গেছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অতীতে সরকারি সাহায্যের টাকা গরিব মানুষের কাছে পৌঁছানোর পথে তছরুপ হতো, অথচ বর্তমানে প্রায় ৬০ কোটি জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে পুরো অর্থ পৌঁছে যাচ্ছে।