বেহালায় প্রেমের জেরে চরম বর্বরতা, যুবক ও বাবাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ!
বার্তা ডেস্কঃ
খাস কলকাতার বেহালা সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে এক যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ উঠেছে। সম্পর্কে মেয়ের পরিবারের আপত্তি থাকায় যুবক ও তাঁর বাবাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর মতো অমানবিক ঘটনা ঘটে। ২৫ অক্টোবর ওই যুগলকে একসঙ্গে দেখার পর যুবককে ঘরে আটকে মারধর করা হয় এবং খবর পেয়ে আসা ছেলেটির বাবার হাতে বন্দুক তুলে দিয়ে চরম নিদান দেওয়া হয়।
এই ঘটনার জড়িয়ে প্রেমিকার বাবা ও মামা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষিপ্ত জনতা মেয়েটির বাড়ি ভাঙচুর করতে উদ্যত হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।