গঙ্গাসাগর যাত্রায় এবার ট্রেনে চড়ার স্বপ্ন, মুখ্যমন্ত্রী দিলেন বড় বার্তা!
বার্তা ডেস্কঃ
সাঁতরাগাছি-টাটানগর-খাতিপুরা এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গঙ্গাসাগরে নতুন রেলপথ তৈরির জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বিশেষ আবেদন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি স্টেশনে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রেলমন্ত্রীও। তীর্থক্ষেত্র গঙ্গাসাগরের গুরুত্ব উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, মুড়িগঙ্গার ওপর সেতুর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পন্ন হবে। তাই গঙ্গাসাগরকে দেশের রেল মানচিত্রে যুক্ত করতে দ্রুত সমীক্ষা দল পাঠানোর জন্য কেন্দ্রকে অনুরোধ জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারের নানা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও দাবি জানান, কাঁচরাপাড়া, খড়গপুর ও লিলুয়ার মতো রেলের ওয়ার্কশপগুলির সম্প্রসারণ ঘটিয়ে এ রাজ্যের কারিগরি শিক্ষাপ্রাপ্ত যুবকদের কাজের সুযোগ করে দেওয়া হোক। এর জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় সরকার বাংলার সার্বিক রেল অবকাঠামো উন্নয়নে সবসময় সচেষ্ট রয়েছে। সাঁতরাগাছি, জলপাইগুড়ি রোড, জয়চণ্ডী পাহাড় ও হলদিয়ার মতো একাধিক স্টেশন আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী দিনেও এই ধারা বজায় থাকবে। সাঁতরাগাছি স্টেশনের এই ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রুদ্রনীল ঘোষসহ রেলের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।