বিজেপি মঞ্চে মণীশ শুক্লা খুনে অভিযুক্তরা! আত্মহত্যার হুঁশিয়ারি কৌস্তভের

বার্তা ডেস্কঃ

ব্যারাকপুরের প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা মামলায় অভিযুক্তদের বিজেপি নেতাদের পাশে দেখা যাওয়া কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে। টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুরের তৎকালীন পুরপ্রধান উত্তম দাসকে সম্প্রতি পদ্ম শিবিরের মঞ্চে দেখা যাওয়ায় দলের অন্দরেই তীব্র ক্ষোভ ও চাপানউতোর তৈরি হয়েছে। এই ঘটনায় সরাসরি ক্ষোভ উগরে দিয়ে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিয়েছেন, কোনোভাবেই ওই দুই অভিযুক্তকে দলে নিতে দেওয়া হবে না। এমনকি তাঁদের বিজেপিতে যোগদান করানো হলে রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলেও তিনি স্পষ্ট জানান।

বিধায়ক কৌস্তভ বাগচীর মতে, মণীশ শুক্লার খুনিদের দলের পাশে দেখলে ব্যারাকপুরসহ সমগ্র বাংলার মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে এবং দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ২০২০ সালের অক্টোবর মাসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল মণীশ শুক্লাকে, যে ঘটনায় নাম জড়ায় উত্তম ও প্রশান্তর। তৎকালীন সময়ে শাসকদলের আশ্রয়ে থাকায় তাঁরা শাস্তি এড়িয়ে গেলেও এখন রং বদলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন বলে কৌস্তভের অভিযোগ। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া এড়াতে এবং মণীশ শুক্লা হত্যার বিচারে অটল থেকে বিধায়ক সাফ জানিয়ে দিয়েছেন, দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনে তিনি নিজের রাজনৈতিক জীবন ও প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *