‘এমন মানুষদের দলে নিলে আত্মহত্যা করব!’ বিজেপিকে বিস্ফোরক হুঁশিয়ারি কৌস্তভের!
বার্তা ডেস্কঃ
টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যা মামলায় অভিযুক্ত দুই নেতাকে বিজেপির মঞ্চে দেখা যাওয়াকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। ব্যারাকপুরের তৎকালীন পুরপ্রধান উত্তম দাস এবং টিটাগড়ের প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী—এই দুই অভিযুক্তের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়াতেই দলের অন্দরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ২০২০ সালের এই নৃশংস হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে সুপারি কিলার মারফত খুনের বিষয়টি তদন্তে উঠে আসে। কৌস্তভ বাগচীর অভিযোগ, শাসকদলে থাকার কারণে ওই দুজন শাস্তি পাননি, আর এখন সরকার বদলের পর তারা রং বদলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন।
এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে নিজের কড়া অবস্থানের কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিধায়ক কৌস্তভ বাগচী। তিনি সাফ বলেন, বিতর্কিত এবং অভিযুক্ত ব্যক্তিদের দলে নিলে বিজেপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। দলীয় নেতৃত্বের কাছে হাতজোড় করে আবেদন জানানোর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, কোনোভাবেই উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে স্থান দেওয়া যাবে না। এমনকি এই যোগদান ঠেকাতে প্রয়োজন পড়লে বিজেপির রাজ্য দপ্তরের সামনে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করবেন বলেও চরম হুঁশিয়ারি দেন এই বিজেপি বিধায়ক।