গাইঘাটা কাণ্ডে তোলপাড়, শাসকের আইন নয় বাংলায় চাই আইনের শাসন!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের পুলিশি ‘এনকাউন্টারে’ মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজ্য রাজনীতি। পুলিশের দাবি, অপরাধের পুনর্নির্মাণের পর ফেরার পথে ধৃত অভিযুক্ত আচমকাই বন্দুক ছিনিয়ে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে মৃত্যুর কোলে ঢলে পড়ে অভিযুক্ত প্রহ্লাদ। এই ঘটনায় শাসকদলকে তীব্র কটাক্ষ করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।
শমীক ভট্টাচার্য সোচ্চার হয়ে মন্তব্য করেন যে, বাংলায় এখন আর শাসনের আইন নয়, বরং শাসকের আইনই কায়েম রয়েছে। তৃণমূল জমানায় বিভিন্ন সময় পুলিশের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে এনে তিনি তোপ দাগেন এবং জানান, প্রশাসনের চরম রাজনীতিকরণের এটাই সবচেয়ে কদর্য রূপ। সেই সাথে বিগত বছরগুলোতে পঞ্চায়েত নির্বাচনের কারচুপি, সাংবাদিকদের ওপর হামলা এবং একাধিক অভিযোগকারীর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি শাসকদলের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।