সুপ্রিম কোর্টে ধাক্কা, আজই জেলে ফিরতে হচ্ছে ধর্ষক আসারাম বাপুকে!

বার্তা ডেস্কঃ

শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে প্যারোলের মেয়াদ বাড়ানোর আবেদন জানালেও স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে কোনো স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। ৮৫ বছর বয়সী এই সাজাপ্রাপ্ত আসামী বর্তমানে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে চিকিৎসাধীন। আইনজীবীর মাধ্যমে চিকিৎসার জন্য অতিরিক্ত সময়ের আর্জি জানানো হলেও আদালত তা সাফ খারিজ করে দেয়। শীর্ষ আদালতের কড়া নির্দেশ অনুযায়ী, নির্ধারিত মেয়াদের মধ্যে অর্থাৎ আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যেই তাঁকে রাজস্থানের যোধপুর জেলে ফিরে আত্মসমর্পণ করতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয় আসারামকে। ২০১৮ সালে রাজস্থান হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনায় এবং তারপর থেকেই তিনি যোধপুর জেলে বন্দি রয়েছেন। গত ৬ অক্টোবর চিকিৎসাজনিত কারণে তাঁকে ২০ দিনের অন্তর্বর্তীকালীন প্যারোল দেওয়া হয়েছিল, যার মেয়াদ আজই শেষ হচ্ছে। এর আগেও অসুস্থতার অজুহাতে জামিনের একাধিক আবেদন জানালেও সুপ্রিম কোর্ট ও গুজরাট হাইকোর্টে তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *