অবশেষে কি ঘুচবে ঘাটালের বন্যা-দুর্ভোগ? দিল্লির বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের উদ্যোগে বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গকে নিয়ে এক গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গঙ্গা নদী অববাহিকার ভাঙন রোধ, নদীখাতে পলি অপসারণ এবং সামগ্রিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে। এই প্রকল্পের রূপরেখা ও কারিগরি পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি কানপুর ও আইআইটি রূড়কিকে। বন্যা ও নদীভাঙন ঠেকাতে মোট ১২টি বিশেষ স্পার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পাশাপাশি মালদহ জেলার কালিয়াচকের ভূতনিচরে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও গঙ্গার তীব্র ভাঙন পরিস্থিতি নিয়েও বৈঠকে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় রিপোর্ট পেশ করা হয়েছে। চলতি আর্থিক বছরেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক হাজার দুই শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্থানীয় বিধায়কদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ টিম গঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুনের মধ্যে সিংহভাগ কাজ সম্পন্ন করে ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।