সাতদিনের শিশুকন্যার মুখ দেখা হলো না বাবার, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের!
বার্তা ডেস্কঃ
মাত্র এক সপ্তাহ আগে বাবা হয়েছিলেন মুর্শিদাবাদের সুতি থানার গোঠা চাঁদনিচক গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী আসগর শেখ। রাজমিস্ত্রির কাজে মেদিনীপুরে থাকা আসগর সদ্যজাত মেয়ের নামকরণের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সুতির বাড়িতে ফিরেছিলেন। কন্যাসন্তান হওয়ার পর আনন্দে আত্মহারা আসগর পরিবার ও বন্ধুদের সাথে সেই খুশি ভাগ করে নেন। কিন্তু আনন্দের সেই মুহূর্ত নিমেষেই বিষাদে পরিণত হয়, যখন সোমবার রাতে মহেশাইল মোড় সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হেঁটে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
পুলিশের প্রাথমিক অনুমান, নেশাগ্রস্ত ও ক্লান্ত অবস্থায় গভীর রাতে রাস্তা পার হতে গিয়ে কোনো দ্রুতগামী অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন আসগর। মাথায় মারাত্মক আঘাত লেগে সারারাত রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের পাশের আখ ক্ষেতে পড়ে থাকেন তিনি। মঙ্গলবার ভোরে স্থানীয় কৃষকরা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে সুতি থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। নামকরণের অনুষ্ঠানের তোড়জোড়ের মাঝেই আসগরের মৃত্যুর খবর পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং মাত্র সাতদিনের শিশুটি চিরতরে পিতৃহারা হয়।