শিক্ষকদের সংগঠন করার অধিকার নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখন থেকে সরকারি স্কুলের মতো সরকার পোষিত বিদ্যালয়গুলির শিক্ষকরাও কোনো সক্রিয় দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। মুখ্যমন্ত্রী এই নয়া বিধির কথা ঘোষণার পর শিক্ষামন্ত্রী দীপক বর্মন বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, দেশের বেশিরভাগ রাজ্যেই এই নিয়ম কার্যকর রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের বিধিতে নতুন এই শর্ত যুক্ত করে শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদিত সিদ্ধান্তটি কার্যকর করা হবে।
তবে সরাসরি দলীয় রাজনীতি করার সুযোগ বন্ধ হলেও সামাজিক বা অরাজনৈতিক সংগঠন করার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শিক্ষকরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের টিচার্স সেলের সদস্য হতে পারবেন না, তবে সাধারণ শিক্ষক সংগঠন বা অরাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থার পরিবেশ উন্নত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। যদিও সরকারের এই নয়া পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষক মহলে জল্পনা ও চর্চা শুরু হয়েছে।