উৎসবের মুখে আকাশছোঁয়া বিমানের ভাড়া, চরম বিপাকে মধ্যবিত্ত!
বার্তা ডেস্কঃ
সামনেই দীপাবলি, কালীপুজো ও ছট উৎসব। কিন্তু এই আনন্দের মরশুমে বাড়ি ফেরা এখন সাধারণ যাত্রীদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎসবের টান ও ট্রেনে উপচে পড়া ভিড়ের সুযোগে বিমানসংস্থাগুলি টিকিটের দাম আকাশছোঁয়া করেছে। স্বাভাবিক সময়ে ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে থাকা দিল্লি-কলকাতা রুটের টিকিট আগামী ৬ তারিখের জন্য অবিশ্বাস্যভাবে পৌঁছাল ৭৮,৬৯৪ টাকায়! যা সাধারণ ভাড়ার তুলনায় প্রায় ৭ গুণ বেশি।
কেবল কলকাতা নয়, মুম্বই থেকে দিল্লি এবং বেঙ্গালুরু থেকে দিল্লি রুটেও টিকিটের মূল্য বেড়ে হয়েছে যথাক্রমে ৬০,৫৭৭ ও ৪০,৫০৬ টাকা। এ ছাড়া দিল্লি থেকে হায়দরাবাদ এবং আহমদাবাদ রুটেও ভাড়া বেড়ে ২ থেকে ৭ গুণ পর্যন্ত পৌঁছেছে। বুকিং ওয়েবসাইট ও চাহিদার ওপর ভিত্তি করে ভাড়ার এই পরিবর্তন হলেও, লাগামছাড়া আকাশপথের খরচে উৎসবের দিনে বাড়ি ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের মাথায় কার্যত হাত পড়েছে।