বৃষ্টির রাতে চোরবাগানের মণ্ডপে চরম বিশৃঙ্খলা, পুলিশের ভূমিকায় উঠছে বড় প্রশ্ন!
বার্তা ডেস্কঃ
উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে সপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে লালবাজার। প্রাথমিক তদন্তে জানা গেছে, হঠাৎ বৃষ্টি শুরু হলে সাজগোজ বাঁচাত মণ্ডপের এক্সিট গেটের কাছে দাঁড়িয়ে পড়েন বহু মহিলা দর্শনার্থী। মাত্র ১১ ফুট দূরত্বে হুড়োহুড়ি শুরু হলে একের পর এক দর্শনার্থী মাটিতে পড়ে যান। তদন্তকারীদের মতে, পরিস্থিতি সামলানোর জন্য সেখানে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ বা স্বেচ্ছাসেবকের উপস্থিতি ছিল না।
ঘটনার নেপথ্যে প্রশাসনিক সমন্বয়ের চরম অভাব ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। তথ্য আদানপ্রদানে বিলম্বের কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে ধারণা তদন্তকারীদের। এছাড়া পুজো কমিটির নিরাপত্তা রক্ষীরা সঠিকভাবে ম্যানপ্যাক ব্যবহার করেছিলেন কি না এবং বিপদের বার্তা যথাসময়ে পৌঁছায়নি কেন, সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে। ইতি মধ্যেই পুজো মণ্ডপের দুজন ঘোষক ও শিল্পীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দ্রুত পরিস্থিতির মূল কারণ বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।