ভুটানে হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বন্যা, উত্তাল জলস্ফীতিতে ভাসছে এলাকা!

বার্তা ডেস্কঃ

বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানে গ্লেসিয়ার লেক আউটবার্স্টের জেরে ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হয়। এতে গাসার বিখ্যাত উষ্ণ প্রস্রবণটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং পুনাখা জেলার একটি গুরুত্বপূর্ণ সৌরচালিত সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, জোমলিংথাং অংশে কাদা ও ধ্বংসাবশেষ জমে পুনাখা-গাসা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হলেও, সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। পরিস্থিতি সামাল দিতে রাস্তা পরিষ্কারের কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে।

ভুটানের এই জলস্ফীতি ও বিপর্যয়ের খবরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় তীব্র আতঙ্ক ছড়ায়। বিশেষ করে সংকোশ নদীর জল বাড়ার আশঙ্কায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে তীরবর্তী কুমারগ্রাম ব্লকের প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়শিবিরে সরিয়ে নিয়ে যায়। তবে জলস্তর বিপজ্জনক সীমার নিচে থাকায় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি ফিরেছে ডুয়ার্সে। শুক্রবার সকাল থেকেই আশ্রয়শিবির থেকে বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও পুরো পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *