জলাভূমি দখল ও অবৈধ নির্মাণ, বিপাকে বিধায়ক জাভেদ খান!

বার্তা ডেস্কঃ

ইএম বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জলাভূমি বুজিয়ে বেআইনি আবাসন নির্মাণ ও জমি দখলের অভিযোগে চরম অস্বস্তিতে কসবার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাভেদ খান। অভিযোগ উঠেছে, প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে পরিবেশ আইন তোয়াক্কা না করেই এলাকায় একাধিক বহুতল গড়ে তোলা হয়েছে। পূর্ব কলকাতার জলাভূমির বাস্তুতন্ত্র ধ্বংসের এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে গঠিত উচ্চপর্যায়ের বিশেষ কমিটি।

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত এই তদন্তকারী দল বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ বিতর্কিত এলাকাগুলি সরজমিনে পরিদর্শন করে। জলাশয় সংরক্ষণ আইন লঙ্ঘন, বেআইনি প্রোমোটিং এবং অননুমোদিত ফ্ল্যাট বিক্রির অভিযোগে এর আগেও ঘাসফুল শিবিরের অন্দরেই জাভেদ খানের পরিবার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তদন্তকারী দল সরেজমিনে খতিয়ে দেখে কী রিপোর্ট জমা দেয় এবং পরবর্তীতে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *