কাঞ্চনজঙ্ঘার আড়ালে চিনা ষড়যন্ত্র, জালে ধরা পড়ল চর!
বার্তা ডেস্কঃ
কাঞ্চনজঙ্ঘার ছবি তোলার অজুহাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে ভারত-নেপাল সীমান্ত থেকে এক চিনা নাগরিক ও তার নেপালি গাইডকে গ্রেফতার করলেন কেন্দ্রীয় গোয়েন্দা এবং সশস্ত্র সীমা বলের জওয়ানরা। ধৃত চিনা নাগরিকের নাম ইউহাস লিউ এবং তাঁর নেপালি গাইডের নাম দীনেশ পুরি। শুক্রবার ভোররাতে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে আসার সময় সন্দেহজনক গতিবিধি দেখে এসএসবি জওয়ানরা তাঁদের আটক করেন। জেরায় নিজেদের নেপালি দাবি করলেও চিনা নাগরিক লিউ নেপালি বা হিন্দি কোনো ভাষাই বলতে পারেননি। পরবর্তীতে দোভাষীর সাহায্যে জেরা করতেই প্রকাশ পায় তাঁর আসল পরিচয়।
উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ সংলগ্ন অঞ্চলে এই অনুপ্রবেশের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। সেনাবাহিনীর গতিবিধি এবং গোপন তথ্য পাচারের উদ্দেশ্যে চরবৃত্তি করতেই ওই চিনা নাগরিক সীমান্তে এসেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে গাইড দীনেশ দাবি করেছেন যে, ভারতের নানা স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি তোলানোর জন্যই তিনি লিউকে ‘নেপালি’ সাজিয়ে নিয়ে আসছিলেন। তবে গোয়েন্দারা এই দাবি মানতে নারাজ। ধৃতদের কাছে থাকা মোবাইল ফোন ও পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে এবং তাঁদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।