‘শিক্ষিতরা ভোট দিয়েছেন বলেই হেরে গেলাম’, যোগীর মন্ত্রীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক!
বার্তা ডেস্কঃ
উত্তরপ্রদেশের বিধান পরিষদ (MLC) নির্বাচনে ১১টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসনে জয়লাভ করলেও, সমাজবাদী পার্টির (SP) কাছে ৫টি আসন খোয়াতে হয়েছে তাদের। এর মধ্যে খোদ বারাণসী এবং লখনউয়ের মতো হেভিওয়েট আসনও হাতছাড়া হয়েছে যোগী আদিত্যনাথের দলের। এই পরাজয়ের পরই চরম বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী ওম প্রকাশ রাজভর।
বারাণসী ও লখনউ আসনে হারের প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ তাঁদের রায় দিয়েছেন। তবে এটি শিক্ষিত ভোটারদের রায়, সাধারণ জনগণের রায় নয়। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। কিন্তু মনে রাখবেন, বিধানসভা নির্বাচনের সময় এই শিক্ষিত ভোটাররা আর বুথমুখী হবেন না, তখন কেবল সাধারণ ভোটারদেরই বুথে দেখা যাবে।”
নির্বাচনের ফলাফল একনজরে:
- মোট আসন: ১১টি
- বিজেপি জয়ী: ৬টি আসনে (আগ্রা ও মিরাট গ্র্যাজুয়েট এবং বেরিলি-মোরাদাবাদ, লখনউ, মিরাট ও গোরক্ষপুর-ফৈজাবাদ শিক্ষক আসন)।
- সমাজবাদী পার্টি জয়ী: ৫টি আসনে (বারাণসী, লখনউ ও এলাহাবাদ-ঝাঁসি গ্র্যাজুয়েট এবং বারাণসী ও আগ্রা-আলিগড় শিক্ষক আসন)।
বারাণসী আসনে এসপি প্রার্থী আশুতোষ সিনহা ৫৫,০৪৬ ভোট পেয়ে বিজেপির বর্ষীয়ান নেতা কেদার নাথ সিংকে পরাজিত করেছেন। লখনউ আসনেও বিজেপির অবনীশ কুমার সিংকে হারিয়েছেন এসপি প্রার্থী কান্তি সিং। বারাণসীর বিজেপি প্রার্থী ইতিমধ্যেই হারের দায় স্বীকার করে নিয়েছেন।
এই ফলাফলের পর উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানিয়েছেন যে, সমাজবাদী পার্টি এমন কিছু আসনে জিতেছে যেখানে তাদের জেতার কথা ছিল না, তাই দল এই পারফরম্যান্স নিয়ে অবশ্যই আত্মসমীক্ষা করবে। আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ফল সমাজবাদী পার্টিকে অনেকটাই বাড়তি অক্সিজেন জোগাল বলে মনে করছে রাজনৈতিক মহল।