‘ভোট চুরি’ রুখতে দিল্লি চলো! রাহুল গান্ধীর মেগা রামলীলা ডাক
বার্তা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামী ১ নভেম্বর ‘ভোট চুরি’ রুখতে এবং দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে ঐতিহাসিক ‘চলো দিল্লি রামলীলা মার্চ’-এর ডাক দিয়েছেন। দলমত নির্বিশেষে দেশের সমস্ত সাধারণ নাগরিককে এই মেগা প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সমাজমাধ্যম এক্স-এ (X) একটি ভিডিও বার্তা পোস্ট করে কংগ্রেস সাংসদ জানান, এটি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই এবং ‘ভারতের আত্মার মিছিল’। ভিডিও বার্তায় তিনি সরাসরি কেন্দ্রকে নিশানা করে বলেন, “যাঁরা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের অপশাসনে তিতিবিরক্ত এবং যাঁরা গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাতে চান— তাঁদের সকলকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”
সাম্প্রতিক সময়ে দেশের নির্বাচনী প্রক্রিয়া এবং ভোট গণনা নিয়ে বিরোধী দলগুলির তরফে লাগাতার কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। বিশেষ করে ‘ভোট চুরি’-র অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাহুল। আগামী রবিবারের এই মেগা রামলীলা মার্চকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই চরমে পৌঁছেছে এবং বিরোধী জোটের অন্যান্য শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে সমর্থন জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।