কুণাল ঘোষের বিরুদ্ধে সাইবার অভিযোগ, দলবদলের জেরে তুঙ্গে তরজা!
বার্তা ডেস্কঃ
কালীঘাট তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে এবার সরাসরি আইনি পদক্ষেপ নিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। জুঁই বিজেপিতে যোগ দিতে চলেছেন— কুণালের এমন বিস্ফোরক দাবির প্রেক্ষিতেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে প্রমাণ হিসেবে সাইবার ক্রাইম দপ্তরে দেড় মিনিটের একটি ভিডিও ক্লিপও জমা দিয়েছেন জুঁই।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ এবং স্বরূপ বিশ্বাসের ‘স্ত্রী’ জুঁইয়ের এই আইনি পদক্ষেপ নিয়ে মুখ খুলেছেন কুণাল ঘোষও। তাঁর দাবি, জুঁইকে হয়তো কেউ এই আইনি পথে হাঁটার পরামর্শ দিয়েছেন। কুণাল আরও জানান, জুঁই সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নানা মন্তব্য করছেন। পাশাপাশি, স্বরূপ বিশ্বাসের সঙ্গে জুঁইয়ের বিচ্ছেদ মামলা চলার বিষয়টিও তিনি জুঁইয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই প্রথম জানতে পেরেছেন বলে উল্লেখ করেন।
ফেসবুকের তরজা থেকে বিষয়টি সরাসরি আইনি লড়াইয়ে পৌঁছানোয় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। জুঁইয়ের এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ কুণাল ঘোষের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।