ব্যাঙ্কের KYC আপডেট করতে গিয়েই বিপদ, অ্যাপের ফাঁদে পা দিয়ে খোয়া গেল লক্ষ লক্ষ টাকা!

বার্তা ডেস্কঃ

ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণার ভয়ঙ্কর জাল ছড়িয়েছে বীরভূম জেলাজুড়ে। সরকারি প্রকল্পের সুবিধাভোগী ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের নিশানা করে ইতিমধ্যেই অন্তত ১২টি সাইবার প্রতারণার ঘটনা সামনে এসেছে। প্রতারকরা ফোনে গ্রাহকদের ই-কেওয়াইসি আসাম্পূর্ণ থাকার ভুয়ো তথ্য দিয়ে বাড়িতে বসেই তা সম্পন্ন করার আশ্বাস দিচ্ছে। এরপর মেসেজে পাঠানো একটি বিশেষ এপিকে (APK) ফাইল ডাউনলোড ও ইনস্টল করলেই মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অপরাধীদের হাতে। এর জেরে কোথাও পাঁচ হাজার, আবার কোথাও ১০ লক্ষ টাকা পর্যন্ত খুইয়ে সর্বস্বান্ত হয়েছেন সাধারণ মানুষ।

একাধিক এই ধরনের ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে জেলা পুলিশ প্রশাসন। দ্রুত প্রতারকদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে জোরকদমে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, অচেনা নম্বর থেকে আসা কোনো নির্দেশ মেনে বা অজানা লিঙ্কে ক্লিক করে ভুয়ো অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে। কেওয়াইসি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সরাসরি ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করাই একমাত্র নিরাপদ উপায়। সাধারণ মানুষকে সচেতন করতে এবার বিশেষ প্রচারের পরিকল্পনাও নিয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *