এআইয়ের ভুল, একটুর জন্য রক্ষা পেল পৃথিবী!
বার্তা ডেস্কঃ
একঝলক ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বাড়বাড়ন্ত নিয়ে বিশ্বজুড়ে নানা আলোচনার মাঝেই সম্প্রতি সামনে এসেছে এক রক্তহিম করা ঘটনা। মার্কিন স্পেশাল অপারেশন্স কমান্ডের এক গোয়েন্দা কর্মী পশ্চিম এশিয়াগামী একটি চীনা জাহাজের নথি খতিয়ে দেখতে গিয়ে একটি এআই চ্যাটবটের সাহায্য নিয়েছিলেন। কিন্তু এআই তথ্যের ভুল ব্যাখ্যা দিয়ে রিপোর্টে দাবি করে বসে, জাহাজটিতে পরমাণু বোমার যন্ত্রাংশ রয়েছে। এই ভুয়া তথ্যের ভিত্তিতে মুহূর্তের মধ্যে মাঝদরিয়ায় চীনা জাহাজ ঘেরাও করার তোড়জোর শুরু হয়ে যায়, এমনকি বাতাসে চক্কর কাটতে শুরু করে মার্কিন যুদ্ধবিমানও।
একেবারে শেষ মুহূর্তে জ্যেষ্ঠ সেনা আধিকারিকেরা মূল তথ্যগুলো পুনরায় পরীক্ষা করতেই এআইয়ের এই মারাত্মক ত্রুটিটি ধরে পড়ে এবং শেষমেশ রক্তক্ষয়ী অভিযান বন্ধ করা হয়। মূলত তথ্যের ধারা বিশ্লেষণ করে উত্তর তৈরি করতে গিয়ে অনেক সময়ই এআই সম্পূর্ণ কাল্পনিক বা ভুল তথ্য এমনভাবে পেশ করে, যা প্রথম দর্শনে একেবারে সত্য বলে মনে হয়। কোনো কারণে চীনা জাহাজে মার্কিন সেনা চড়াও হলে তা এক অভূতপূর্ব কূটনৈতিক সংকট এবং দুই পরাশক্তির মধ্যে ভয়াবহ যুদ্ধের সূচনা করতে পারত। প্রযুক্তিনির্ভর এই বিভ্রান্তি প্রমাণ করে দিল যে, এআইয়ের ওপর অন্ধবিশ্বাস কতটা বিপর্যয় ডেকে আনতে পারে।