আকাশচুম্বী বিমান ভাড়ায় কি স্বস্তি মিলবে এবার!

বার্তা ডেস্কঃ

বিমানযাত্রীদের স্বার্থ রক্ষার্থে এবং টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে বিশেষ পরিস্থিতিতে বিমানের টিকিটের ভাড়ায় সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে। বিমান সংস্থাগুলি ইচ্ছেমতো ভাড়া বাড়ালে বা কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে জনস্বার্থে লিখিত নির্দেশ দিতে পারবে সরকার। এর পাশাপাশি, টিকিট বুকিংয়ের সময় মূল ভাড়া, কর, অতিরিক্ত পরিষেবা মূল্য, টিকিট বাতিলের খরচ এবং টাকা ফেরতের শর্ত আলাদা করে স্পষ্টভাবে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় বিমান সংস্থার পাশাপাশি বিদেশি বিমান সংস্থাগুলির ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।

২০২৪ সালের ভারতীয় বিমানযান নিয়মের অধীনে প্রণীত এই নতুন বিধিগুলি গত ৩১ অক্টোবর ভারতের সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে এবং আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে দেশজুড়ে কার্যকর হবে। এর ফলে ১৯৩৭ সালের পুরনো নিয়ম বাতিল হয়ে নতুন যুগের সূচনা হতে চলেছে। তবে এর অর্থ এই নয় যে সরকার নিয়মিত পরিস্থিতিতে প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করবে। বাজার চলতি চাহিদার ওপর ভিত্তি করে বিমান সংস্থাগুলিই ভাড়া ঠিক করবে, তবে পুরো প্রক্রিয়াটি কঠোর নজরদারির মধ্যে রাখবে ডিজিসিএ। সাম্প্রতিক সময়ে লাগামছাড়া বিমান ভাড়া এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে যাত্রীদের মধ্যে চলা অসন্তোষের মাঝেই কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *