গুয়াহাটির হোটেলে পাঁচ খুনের বদলা, পুলিশের গুলিতে খতম মূল অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
পুলিশের পিস্তল ছিনতাইয়ের চেষ্টার সময় এনকাউন্টারে মৃত ব্যাঙ্ক প্রতারণা মামলার অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন, আসাম: পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ঘনকান্তর গগৈ (৩৪) নামে এক বিচারাধীন বন্দির। বুধবার আসামের শিবসাগরের ফুলজলচিগা এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে এক পুলিশ আধিকারিকও গুলিবিদ্ধ হয়েছেন।
আসাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পাপোরি চেতিয়া জানিয়েছেন, ২০২৪ সালের একটি ব্যাঙ্ক প্রতারণার মামলায় অভিযুক্ত ঘনকান্তরকে গুয়াহাটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফুলজলচিগা এলাকায় শৌচকর্মের জন্য গাড়ি থামানো হলে, সে তদন্তকারী সাব-ইনস্পেক্টর দেবাশিস শর্মার সার্ভিস পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পুলিশের দাবি, ঘনকান্তর প্রশিক্ষিত শুটার হওয়ায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তির সময় দুই থেকে তিন রাউন্ড গুলি চলে, যার মধ্যে একটি গুলি দেবাশিস শর্মার ডান পায়ে লাগে। আত্মরক্ষার্থে ও সহকর্মীকে বাঁচাতে দলের অন্য এক পুলিশকর্মী পাল্টা গুলি চালালে ঘনকান্তর গুরুতর জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত সাব-ইনস্পেক্টরের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে গাড়ি কেনার ঋণ নিয়ে প্রতারণা ও ব্যাঙ্কের তৎকালীন শাখা ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগে ঘনকান্তের বিরুদ্ধে শিবসাগর থানায় মামলা দায়ের হয়েছিল। গত ৩ নভেম্বর গুয়াহাটি আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর পর, শিবসাগর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর গুয়াহাটির বিলাস ইন হোটেলে গুলি চালিয়ে পাঁচ জনকে খুনের ঘটনায়ও মূল অভিযুক্ত ছিল এই ঘনকান্তর। হোটেলের লিজ সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ডের পর তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার তদন্তে আসাম পুলিশ ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছিল। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফুলজলচিগা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে।