চিনকে টেক্কা! খনিজ শিল্পে আত্মনির্ভর হতে ২,৮১৪ কোটির বিরাট প্রকল্পে সায় মোদী সরকারের

বার্তা ডেস্কঃ

‘ক্রিটিক্যাল মিনারেল’ বা বিরল খনিজ উৎপাদনে চিনের একাধিপত্য ভাঙতে এবং দেশকে ‘আত্মনির্ভর’ করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো অতীব গুরুত্বপূর্ণ খনিজের প্রক্রিয়াকরণ পরিকাঠামো গড়ে তুলতে ২,৮১৪ কোটি টাকার এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে বাস্তবায়িত হতে চলা এই প্রকল্পের অধীনে দু’টি লিথিয়াম ও দু’টি নিকেল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনিয়োগের ওপর ৩০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য এই খনিজগুলির জোগান নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

বর্তমানে লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো খনিজের পরিশোধন ও প্রক্রিয়াকরণের অভ্যন্তরীণ পরিকাঠামো প্রাথমিক পর্যায়ে থাকায় ভারতকে মূলত আমদানির ওপরই নির্ভর করতে হয়। নীতি আয়োগের তথ্য অনুযায়ী, এই খনিজগুলির চাহিদার জন্য ১০০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল দেশ, যার একটি বড় অংশ আসে চিন থেকে। কারণ, বিশ্বজুড়ে লিথিয়াম, কোবাল্ট ও ব্যাটারি-গ্রেড গ্রাফাইট পরিশোধনে বেজিঙের একচ্ছত্র আধিপত্য রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নতুন প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি আকরিককে উচ্চ-বিশুদ্ধতাসম্পন্ন যৌগে রূপান্তর করবে, যা দেশের শিল্প ক্ষেত্রে স্বাবলম্বন অর্জনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *