রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, এবার মিলবে অগ্রিম বেতন!

বার্তা ডেস্কঃ

 

সরকারি কর্মীদের জন্য বিশেষ অগ্রিম সুবিধা ঘোষণা রাজ্য সরকারের, জানুন বিস্তারিত নিয়মাবলি

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তার লক্ষ্যে একটি বিশেষ অগ্রিম (অ্যাডভান্স) প্রকল্প চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতরের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ দফতরের ই-গভর্ন্যান্স গ্রুপের তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

নতুন এই প্রকল্পের আওতায় কর্মীরা দুই ধরনের অগ্রিম সুবিধা পাবেন:

১. স্বল্পমেয়াদি অগ্রিম (Short-Term Advance): এই ব্যবস্থায় একজন সরকারি কর্মী তাঁর অনুমোদিত নেট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম নিতে পারবেন। সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে বা পরবর্তী বেতন থেকে এই অর্থ কেটে নেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে কোনও সুদ, অতিরিক্ত চার্জ, প্রসেসিং ফি বা সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

২. দীর্ঘমেয়াদি অগ্রিম (Multi-Month Advance): বড় ধরনের খরচের জন্য কর্মীরা ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা মেটানোর সুযোগ পাবেন। তবে কর্মীর অবসরের তারিখের পর ঋণের মেয়াদ কার্যকর হবে না। এই ক্ষেত্রে বার্ষিক সুদের হার ও অন্যান্য চার্জ মিলিয়ে সর্বোচ্চ বার্ষিক শতাংশ হার (APR) ২৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই তা শোধ করতে চাইলে কোনো ‘প্রি-পেমেন্ট চার্জ’ দিতে হবে না।

প্রকল্পের গুরুত্বপূর্ণ নিয়মাবলি:

  • একক লোন নীতি: একসঙ্গে একাধিক অগ্রিম নেওয়ার সুযোগ নেই। একটি ঋণ সম্পূর্ণ পরিশোধের পরই কেবল অন্যটির জন্য আবেদন করা যাবে।
  • ডিজিটাল পদ্ধতিতে কিস্তি পরিশোধ: কর্মীর ডিজিটাল সম্মতির ভিত্তিতে সরাসরি বেতন থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে। পরিষেবা প্রদানকারী সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে রাজ্য সরকারের WBIFMS এবং HRMS ব্যবস্থা যুক্ত থাকবে।
  • টু-হুইলার লোনের সীমা বৃদ্ধি: শুধু স্যালারি অ্যাডভান্স নয়, মোটরবাইক, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য অগ্রিম ঋণের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে এই খাতে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

প্রশাসনিক মহলের মতে, জরুরি পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষাবলয় প্রদানের লক্ষ্যে এটি রাজ্য সরকারের একটি দূরদর্শী পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *