হাওড়ায় সোনার দোকানে বন্দুক ঠেকিয়ে ভয়াবহ লুট, আতঙ্কে দিশেহারা এলাকা!
বার্তা ডেস্কঃ
হাওড়ায় সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট
নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়ার সাঁকরাইলের ঝোরহাটে বুধবার রাতে এক সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দোকানের মালিককে জিম্মি করে দুষ্কৃতীরা গয়না লুট করেছে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা নাগাদ গ্রাহকরা দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই একটি বাইকে করে তিন দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি দু’জন মাস্ক পরা ছিল। দোকানে প্রবেশ করেই তারা বন্দুকের মুখে মালিককে জিম্মি করে এবং তার গলা চেপে ধরে। বাধা দেওয়ার চেষ্টা করলে দোকানদারকে বেধড়ক মারধর করা হয়।
অভিযোগ, প্রায় আধ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে দোকানের সমস্ত গয়না লুট করে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের একটি দল।
লুটপাটের পুরো দৃশ্য দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ওই ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে এবং অভিযুক্ত তিন দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি শুরু করেছে। তবে লুণ্ঠিত গয়নার মোট অর্থমূল্য কত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার জেরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।