সরকারি কর্মীদের জন্য সুখবর, বাইক-স্কুটার কেনায় মিলবে বড় ছাড়!

বার্তা ডেস্কঃ

 

সরকারি কর্মীদের জন্য দু’চাকা কেনার ঋণের নতুন নিয়ম জারি, ই-বাইকে মিলবে বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বাজারে যানবাহনের ক্রমবর্ধমান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার বা ই-বাইক ব্যবহারে উৎসাহ দিতে সরকারি কর্মীদের জন্য দু’চাকা গাড়ি কেনার ঋণের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্রের স্বাক্ষর সম্বলিত এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়মে পেট্রোলচালিত ও ইলেকট্রিক দু’চাকা গাড়ির ক্ষেত্রে ঋণের সীমা নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

পেট্রোলচালিত গাড়ির ক্ষেত্রে:
সাধারণ পেট্রোলচালিত মোটর সাইকেল বা স্কুটার কেনার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর পাঁচ মাসের মূল বেতন (Basic Pay) অথবা গাড়ির আসল দাম—এই দুটির মধ্যে যে অঙ্কটি কম হবে, সেটিই ঋণ হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়বার পেট্রোলচালিত গাড়ি কেনার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৯০ হাজার টাকা।

ইলেকট্রিক যানে বিশেষ সুবিধা:
পরিবেশবান্ধব ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে সরকার বাড়তি সুবিধা ঘোষণা করেছে। ই-বাইক বা ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে প্রথমবার সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে। এ ক্ষেত্রে কর্মীর ছয় মাসের মূল বেতন অথবা গাড়ির মোট মূল্যের মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ মঞ্জুর করা হবে। দ্বিতীয় দফায় ই-বাইক কেনার ক্ষেত্রে ঋণের ঊর্ধ্বসীমা ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অগ্নিমূল্যের বাজারে রাজ্য সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ঋণের এই নতুন কাঠামো কর্মসংস্থান ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা—উভয় ক্ষেত্রেই সহায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *