নারী ও রূপান্তরকামীদের কর্মসংস্থানে বড় ঘোষণা, শিল্পনীতিতে পিএফ ভর্তুকির বিশেষ সুযোগ!
বার্তা ডেস্কঃ
বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে চলেছে রাজ্য সরকারের নয়া শিল্পনীতি, যেখানে কর্মসংস্থান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকারের এই নতুন নীতি অনুযায়ী, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থায় মহিলা ও রূপান্তরকামীদের নিয়োগ করলে নিয়োগকর্তাদের কর্মী পিএফ বা প্রভিডেন্ট ফান্ডের টাকায় ১০০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। পুরুষকর্মীদের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ হতে পারে ৫০ শতাংশ এবং এমএসএমই ক্ষেত্রে একটি অর্থবর্ষে প্রতিটি ইউনিট সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত এই সুবিধা পেতে পারে।
পাশাপাশি, বড় শিল্প সংস্থাগুলির ক্ষেত্রেও পিএফের খরচ ফেরানোর প্রস্তাব রাখা হয়েছে, যেখানে নিয়োগকর্তারা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ইপিএফের অর্থ ফেরত পেতে পারবেন। ১০ বছর পর্যন্ত এই সহায়তা পাওয়ার সুযোগ থাকলেও কর্মীদের বেতন থেকে কাটা অংশ এর আওতায় আসবে না। মূলত লগ্নিকারীদের আর্থিক বোঝা কমিয়ে বাংলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ আরও বেশি তরান্বিত করতেই রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ।