কালীপুজোয় কি বৃষ্টিতে ভাসবে বাংলা? তাপমাত্রা কমতেই বড় আপডেট দিল আলিপুর!
বার্তা ডেস্কঃ
জোড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটতেই এবং দাপট কমতেই কলকাতা সহ রাজ্যজুড়ে একধাক্কায় প্রায় দুই ডিগ্রি কমল তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা উপভোগ করছেন শহরবাসী ও জেলার মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দুই দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে এবং রবিবার কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে।
তবে স্বস্তির মাঝেই উৎসবের আবহে বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় সোমবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই এবং সেখানে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।