১ নভেম্বর রামলীলা ময়দানে গরহাজির কেন? দেশজুড়ে কংগ্রেস নেতাদের সাসপেন্ড করার বেনজির সিদ্ধান্ত!

বার্তা ডেস্কঃ

শৃঙ্খলার প্রশ্নে এবার অত্যন্ত কড়া অবস্থান নিল কংগ্রেস হাইকম্যান্ড। গত ১ নভেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত প্রতিবাদ সভায় যোগ না দেওয়ায় একের পর এক রাজ্যের পদাধিকারীদের সাসপেন্ড করা শুরু হয়েছে। ইতিমধ্যে মধ্যপ্রদেশ থেকে ৬০ জন, গুজরাট থেকে ৪৯ জন, হিমাচল প্রদেশ থেকে ১৩ জন এবং হরিয়ানা থেকে ১০ জন যুব কংগ্রেস পদাধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। ২৪ আকবর রোড সূত্রে জানা গিয়েছে, যুব কংগ্রেসের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের বিভিন্ন স্তর, মহিলা কংগ্রেস এবং এনএসইউআই-এর ক্ষেত্রেও একই কঠোর পদক্ষেপ করা হবে।

ওই সভায় কোন কোন নেতা অনুপস্থিত ছিলেন, তা চিহ্নিত করতে ইতিমধ্যে দিল্লির কংগ্রেস সদর দফতরে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমস্ত প্রদেশ নেতৃত্ব এবং সংগঠনের প্রধানদের জাতীয়, রাজ্য ও জেলা স্তরের অনুপস্থিত নেতাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। সাম্প্রতিক নানা ঘটনায় দলের অভ্যন্তরে শৃঙ্খলা এবং পারফরম্যান্সের প্রশ্নে কংগ্রেস যে আর কোনও গা-ছাড়া মনোভাব বরদাস্ত করবে না, এই বেনজির পদক্ষেপ তারই স্পষ্ট বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *