হাওড়ার পথকুকুরদের জন্য সুখবর, শ্মশান নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের!
বার্তা ডেস্কঃ
হাওড়া পুরসভা এলাকায় পথকুকুরদের সুরক্ষায় একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপ ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার হাওড়া পুরসভার টাউন হলে এই নতুন ফিডিং জোনের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রাইসহ পুরসভার বিশিষ্ট আধিকারিকরা। পথকুকুরদের নির্বীজকরণ এবং সুচিকিৎসার জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে ইতিমধ্যেই মউ (MoU) স্বাক্ষর করা হয়েছে। পাশাপাশি, পশুপাখিদের জন্য বিশেষ হাসপাতাল, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ইলেকট্রিক চুল্লিযুক্ত শ্মশান ঘাট তৈরির পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এছাড়া পাখিদের সুবিধার্থে বিভিন্ন গাছে নিয়মিত খাবার ও পানীয় জল দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়।
অন্যদিকে, হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান যে, ভোটের নির্দিষ্ট দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং আদালত। তবে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। দীর্ঘদিন নির্বাচন না হওয়া এই পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করা হয়েছে এবং পুনর্বিন্যাসের কাজ সম্পূর্ণ হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি আরও জানান যে, প্রার্থীর তালিকা তৈরির কাজ চলছে এবং দলের বর্ষীয়ান নেতারা এই প্রক্রিয়া পরিচালনা করছেন।