জগন্নাথের প্রসাদেও কোটি টাকার দুর্নীতি! তদন্তে ইন্দ্রনীলের ১৫০ টেন্ডার, গ্রেপ্তার হতে পারেন মেয়েও?
বার্তা ডেস্কঃ
পর্যটন দপ্তরের অন্তত ১৫০টি টেন্ডারে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত তীব্রতর করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। দুর্গাপুজোর পাস বিক্রির পাশাপাশি গত পাঁচ বছরে রেড রোড কার্নিভাল, দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ এবং অমিতাভ বচ্চনের জন্মদিন পালনের মতো কর্মসূচির কোটি কোটি টাকার সরকারি বরাত তিনটি নির্দিষ্ট সংস্থাকে দেওয়ার অভিযোগ উঠেছে। গোয়েন্দাদের দাবি, ইন্দ্রনীল সেনের নিয়ন্ত্রণাধীন ওই সংস্থাগুলির মাধ্যমে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতির আশঙ্কা রয়েছে। এমনকি জেরায় প্রাক্তন মন্ত্রী দাবি করেছেন যে, এসব অনিয়মের বিষয়ে তাঁর স্ত্রী মধুছন্দা সেনই বিস্তারিত জানতেন।
অন্যদিকে, দুর্নীতির এই আর্থিক লেনদেনের জালে এবার ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেনও জড়িয়ে পড়েছেন। পুলিশ জানিয়েছে, সংস্থাগুলি থেকে তাঁর ও তাঁর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার সন্দেহজনক আদান-প্রদান ঘটেছে। পরপর দু’দিন অসুস্থতার দোহাই দিয়ে লালবাজারের তলব এড়ানোয় বৃহস্পতিবার তাঁকে ফের হাজিরার নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর, এবারও হাজিরা না দিলে আভেরি সেনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। দুর্গাপুজোর পাসের জালিয়াতি থেকে শুরু হওয়া এই তদন্ত এখন পরিবারের অ্যাকাউন্ট ও সরকারি টেন্ডারের সূত্রে এক বিস্তৃত ও জটিল আর্থিক কেলেঙ্কারির রূপ নিয়েছে।