বিরাটের জন্মদিনে জানুন তাঁর ১০টি বিশ্বরেকর্ড যা ভাঙা প্রায় অসম্ভব!
বার্তা ডেস্কঃ
৩৮ বছরে পা বিরাট কোহলি: একনজরে কিং কোহলির ১০টি অনন্য রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে একের পর এক রেকর্ড ভেঙে এবং নতুন মাইলফলক স্থাপন করে তিনি বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য বজায় রেখেছেন। জন্মদিনে ফিরে দেখা যাক কোহলির কেরিয়ারের এমন ১০টি রেকর্ড, যা ভাঙা ভবিষ্যৎ প্রজন্মের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
১. একদিনের ক্রিকেটে সর্বাধিক শতরান: ওয়ানডে ক্রিকেটে ৫৫টি শতরান করে তালিকার শীর্ষে রয়েছেন কোহলি। তাঁর পরেই রয়েছেন সচিন তেন্ডুলকর (৪৯টি শতরান)। বর্তমান যুগে ওয়ানডে ম্যাচ কমে আসায় এই রেকর্ড ভাঙা কঠিন।
২. আইপিএলের এক মরশুমে সর্বাধিক রান: ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে এক মরশুমে এক ব্যাটারের করা এটিই সর্বোচ্চ রান।
৩. টি-টোয়েন্টিতে বৈধ বল ছাড়াই উইকেট: ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম বলটি ওয়াইড করেছিলেন কোহলি। সেই বলেই স্টাম্পড হন কেভিন পিটারসন। কোনো বৈধ বল না করেই উইকেট নেওয়ার এমন বিরল নজির ক্রিকেটে বিরল।
৪. এক ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘ পথচলা: আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলে আসছেন কোহলি। অন্য কোনো দলে না গিয়ে এক দলের হয়ে দীর্ঘ সময় খেলার নজির গড়া খুব কম ক্রিকেটারেরই সম্ভব হয়েছে।
৫. দ্রুততম ১০ হাজার ওয়ানডে রান: মাত্র ২০৫টি ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন কোহলি। সচিন তেন্ডুলকরের (২৫৯ ইনিংস) তুলনায় ৫৪ ইনিংস কম খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
৬. টেস্ট অধিনায়ক হিসেবে সর্বাধিক দ্বিশতরান: টেস্টে অধিনায়ক হিসেবে ৭টি দ্বিশতরান করেছেন কোহলি। ব্রায়ান লারার (৫টি) রেকর্ড ভেঙে তিনি এই তালিকায় শীর্ষে রয়েছেন।
৭. এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরান: ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি শতরান করেছেন কোহলি। কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে এত শতরান করার রেকর্ড বিরল।
৮. সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’: আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২২টি ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ জয়ের গৌরব অর্জন করেছেন কোহলি, যা তাঁর ধারাবাহিকতার বড় প্রমাণ।
৯. রান তাড়া করে সর্বাধিক শতরান: ৩০০-র বেশি রান তাড়া করতে নেমে ওয়ানডে ক্রিকেটে ৯টি শতরান করে তিনি নিজেকে ‘চেজ মাস্টার’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
১০. দ্রুততম ২৮ হাজার আন্তর্জাতিক রান: মাত্র ৬২৪টি ইনিংসে ২৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন কোহলি। সচিন তেন্ডুলকর এই মাইলফলক স্পর্শ করেছিলেন ৬৪৪টি ইনিংসে। সচিনের তুলনায় ২০ ইনিংস আগেই এই লক্ষ্য ছুঁয়েছেন কোহলি।