চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, ওবিসি জট কাটিয়ে অবশেষে মিলল নিয়োগপত্র!

বার্তা ডেস্কঃ

 

ওবিসি সংরক্ষণ জট কাটিয়ে নিয়োগপত্র প্রদান, স্বচ্ছতার বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জট কাটিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার। নবান্নে আয়োজিত এক বিশেষ নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পূর্বতন সরকারের সমালোচনা করার পাশাপাশি বর্তমান সরকারের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ওপর জোর দেন।

মুখ্যমন্ত্রী জানান, বিগত ১৫ বছরে পূর্বতন সরকার সমবায় ক্ষেত্রসহ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় চাকরিপ্রার্থীরা দীর্ঘ সময় বঞ্চিত ছিলেন। নিয়োগের ফাইলগুলি তৎকালীন সরকারের আমলে ‘লাল ফিতের ফাঁস’-এ বন্দি থাকতো বলে তিনি অভিযোগ করেন।

ওবিসি সংরক্ষণ নিয়ে চলমান আইনি জটিলতার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা হাইকোর্টের ২০২৪ সালের ডিভিশন বেঞ্চের নির্দেশকে পূর্ণ স্বীকৃতি দিয়ে এবং বিধানসভায় আইন প্রণয়নের মাধ্যমেই ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ সুনিশ্চিত করা হয়েছে। জাতীয় ওবিসি তালিকাকে গ্রহণের ফলেই এই আইনি বাধা অপসারণ করা সম্ভব হয়েছে, যার সুবাদেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের অঙ্গীকার করে বলেন, “পূর্বতন সরকারের আমলে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম ও দুর্নীতি হয়েছিল, বর্তমান সরকারের আমলে তার পুনরাবৃত্তি হবে না।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথ অনুসরণ করেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ‘জব ফেয়ার’-এর মাধ্যমে সরাসরি চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার নতুন সংস্কৃতি চালু করা হয়েছে।

রাজ্য সরকারের এই পদক্ষেপে রাজ্যের শিক্ষিত বেকার সমাজ ও চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *