দায়মুক্তি কি অবাধ ক্ষমতার লাইসেন্স, সুপ্রিম কোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন!
বার্তা ডেস্কঃ
নির্বাচন কমিশনারদের আইনি সুরক্ষা ও দায়মুক্তি: কেন্দ্র ও কমিশনের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের প্রদত্ত বিশেষ আইনি সুরক্ষা বা দায়মুক্তির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করল শীর্ষ আদালত।
বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হয়। আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়ালের দায়ের করা এই আবেদনে ‘চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্ম অফ অফিস) অ্যাক্ট, ২০২৩’-এর ১৬ নম্বর ধারাটিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
আবেদনকারীর প্রধান অভিযোগ, ২০২৩ সালের ওই আইনের ১৬ নম্বর ধারায় কমিশনারদের যে ‘নিরঙ্কুশ’ আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে, তা অতিরিক্ত ও অনাবশ্যক। আইনি যুক্তিতে বলা হয়েছে, এই বিধান কার্যকর থাকায় নির্বাচন কমিশনের কাজের জবাবদিহিতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আবেদনকারীর মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ কিংবা কমিশনের কার্যপ্রণালীতে দুর্নীতির মতো অভিযোগের ক্ষেত্রে নাগরিকরা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
নির্বাচন কমিশনের স্বাধীনতা রক্ষার নামে এই ‘অবারিত ক্ষমতা’ বা অন্ধ সুরক্ষা প্রদান করা নাগরিকের মৌলিক অধিকার খর্ব করে কি না, তা এখন খতিয়ে দেখছে দেশের সর্বোচ্চ আদালত। কমিশনারদের দায়মুক্তি সংক্রান্ত এই বিতর্কিত আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে পরবর্তী শুনানিতে কেন্দ্র ও নির্বাচন কমিশন কী ব্যাখ্যা দেয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক ও আইনি মহলের।