দুই সন্তান নীতি কি বাতিল হতে চলেছে? সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ!

বার্তা ডেস্কঃ

ভারতে প্রজনন হার উল্লেখজনকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে দুই সন্তান নীতির সাংবিধানিক বৈধতা ও প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ২০০৩ সালে যেখানে দেশের মোট প্রজনন হার (TFR) ছিল ৩, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১.৯—যা প্রতিস্থাপন হারের (২.১) চেয়েও কম। বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ স্পষ্ট জানায়, এভাবে প্রজনন হার কমলে ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা কমে প্রবীণদের সংখ্যা বাড়বে। ফলে অতিরিক্ত জনসংখ্যার আশঙ্কায় দুই সন্তান থাকলে পঞ্চায়েত বা অন্যান্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার মতো পুরানো আইনগুলো বর্তমান পরিস্থিতিতে কতটা যুক্তিসঙ্গত, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিস্বাধীনতা ও প্রজনন স্বাধীনতার কথা উল্লেখ করে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, সন্তানসংখ্যার সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে কারও যোগ্যতার সম্পর্ক কোথায়? আদালতের মতে, এ জাতীয় বিধিনিষেধ নাগরিকের রাজনৈতিক অধিকারে হস্তক্ষেপ করার শামিল। ২০০৩ সালের ‘জাভেদ বনাম হরিয়ানা রাজ্য’ মামলার রায় পুনর্মূল্যায়নের জন্য বিষয়টি ইতিমধ্যেই বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। উল্লেখ্য, দেশের সাতটি রাজ্য ইতিমধ্যেই এই দুই সন্তান নীতি সম্পর্কিত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে এবং ১৫টি রাজ্যে এমন কোনও নীতিই কার্যকর নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *