সৌরশক্তিতে অনন্য নজির গড়ে পিএম সূর্য ঘর অ্যাওয়ার্ড পেল ভারতীয় রেল!
বার্তা ডেস্কঃ
নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬-এ রেল মন্ত্রককে মর্যাদাপূর্ণ ‘পিএম সূর্য ঘর এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’-র আওতায় কেন্দ্রীয় মন্ত্রক বা বিভাগগুলির মধ্যে সর্বাধিক ভবনে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে রেল। সরকারি প্রতিষ্ঠানগুলিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর এই উদ্যোগ এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
সারা দেশে ১৫,৮৬৮টি রেল ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্যের বিপরীতে ইতিমধ্যেই ১২,৪৯৫টি ভবনে অর্থাৎ ৭৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। রেল মন্ত্রকের নির্ধারিত ৪২৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের মধ্যে ৩৫১ মেগাওয়াট ইতিমধ্যেই চালু করা হয়েছে। জাতীয় স্তরের ৭৭টি কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগের সামগ্রিক সাফল্যের ক্ষেত্রেও রেলের এই অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে অবশিষ্ট উপযুক্ত রেল ভবনগুলিতেও সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে রেল মন্ত্রক বদ্ধপরিকর।