বিতর্কিত নির্দেশিকা বাতিল, পুরনো কাঠামো ফেরাল নির্বাচন কমিশন!

বার্তা ডেস্কঃ

তিন মাস আগের বিতর্কিত কার্যবণ্টন নির্দেশিকা বাতিল করে নতুন আদেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। গত ২৮ জুলাই প্রকাশিত এক আদেশে আইটি (IT) বিভাগের প্রশাসনিক নজরদারি ব্যবস্থা শিথিল করে ডিরেক্টর জেনারেল সীমা খন্নাকে সরাসরি কমিশনে ফাইল পাঠানোর সুযোগ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী ক্যাবিনেট সচিবকে চিঠি লেখেন এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তীতে আদালতকে জানানো হয়, বিরোধিতার মুখে ওই নির্দেশিকাটি কখনোই কার্যকর করা হয়নি।

অভ্যন্তরীণ সমন্বয় ফেরাতে অবশেষে নতুন কার্যবণ্টন আদেশ জারি করেছে কমিশন। সর্বসম্মত এই সিদ্ধান্ত অনুযায়ী, আইটি ও আইসিটি (ICT) বিভাগের দায়িত্ব সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মাকে দেওয়া হয়েছে। ফলে ডিজি সীমা খন্নাকে আবারও ডিইসি পদমর্যাদার আধিকারিকের মাধ্যমেই ফাইল পেশ করতে হবে। কমিশনের এই পদক্ষেপে দীর্ঘ প্রশাসনিক টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *