মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি, কেন এমন নাটকীয় উলটপুরাণ!
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি: কোণঠাসা ট্রাম্পের হাতে এখন শুধু ‘প্রেসিডেন্সিয়াল ভেটো’
নিজস্ব প্রতিবেদক: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে রিপাবলিকান পার্টির হতাশাজনক পারফরম্যান্স ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। দলের প্রার্থীদের ভরাডুবির পর ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতা কার্যত সীমাবদ্ধ হয়ে পড়েছে, যেখানে তাঁর হাতে এখন একমাত্র কার্যকর অস্ত্র হিসেবে অবশিষ্ট রয়েছে ‘প্রেসিডেন্সিয়াল ভেটো’।
ফলাফল প্রকাশের পর ট্রাম্প নিজের অবস্থানে অনড় থেকে দাবি করেছেন, তিনি নিজে সরাসরি নির্বাচনী ময়দানে থাকলে ফলাফলে ভিন্নতা আসত। দলের অন্য প্রার্থীদের ওপর অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, তাঁর অনুপস্থিতিই এই পরাজয়ের মূল কারণ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরাজয় ট্রাম্পের প্রভাব ও ক্ষমতার ওপর বড় ধরনের আঘাত।
এবারের নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য ‘টার্নিং পয়েন্ট’ ছিল ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে রিপাবলিকানদের মুখ থুবড়ে পড়া। টেক্সাস, ওহিয়ো, লোয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও ক্যানসাসের মতো অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকানরা তাদের পুরনো আসনগুলো ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
ভৌগোলিক ও জনতাত্ত্বিক বিন্যাসের দিক থেকেও এবার বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। সাধারণত গ্রামীণ এলাকায় রিপাবলিকানদের আধিপত্য থাকলেও, এবারের নির্বাচনে গ্রামীণ আমেরিকায় দলটির ভোট গড়ে ১২ শতাংশ কমেছে। যদিও শহর এলাকায় সামান্য ভোট বেড়েছে, কিন্তু গ্রামীণ এলাকায় বিপুল সমর্থন হারানোর ফলে পুরো সুবিধা চলে গেছে ডেমোক্র্যাটদের পক্ষে।
নির্বাচনের এই ফলাফল সামনে আসতেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের আগামী দিনের পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে ট্যারিফ সংক্রান্ত নীতি কিংবা ইরানের মতো দেশের ক্ষেত্রে ট্রাম্প নিজের কঠোর অবস্থান থেকে নমনীয় হবেন কি না, তা নিয়ে নানামুখী বিশ্লেষণ চলছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান মার্কিন সংসদের যে গাণিতিক বিন্যাস, তাতে আগাম কোনো উপসংহারে পৌঁছানো কঠিন। ট্রাম্প প্রশাসনের পরবর্তী নীতি ও ভাবগতিকের দিকেই এখন পুরো বিশ্বের নজর।