রাহুলের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন অমিত শাহ, সংসদীয় বিতর্কে হবে আসল লড়াই!
বার্তা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার কারনালের জনসভা থেকে তাঁকে সংসদের ভেতরে সামনাসামনি আলোচনার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেন, রাহুল গান্ধীর কথায় যুক্তি ও সারবত্তা থাকলে তিনি যেন সংসদের ভেতরে এসে আলোচনায় অংশ নেন, তবে বরাবরের মতো এবারও তিনি পালিয়ে যাবেন। বিরোধীদের জনসভাকে রাজনৈতিক গিমিক বলে উড়িয়ে দিয়ে শাহ স্পষ্ট জানান, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে অনুরোধ করলে এসআইআর (SIR) সহ যে কোনও বিষয়ে আলোচনার জন্য কেন্দ্র সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও সম্পূর্ণ প্রস্তুত।
বিধানসভা থেকে গ্রামের বুথ স্তর পর্যন্ত বিরোধীদের কড়া জবাব দিতে বিজেপি পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়ে শাহ আরও বলেন যে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিতর্কের চ্যালেঞ্জ জানানোর আগে যেন শুধু একটি চিঠি লেখেন। বিজেপি কর্মী ও নেতারা সংসদের অন্দরে, বিধানসভায় এবং মাঠে-ময়দানে বিরোধীদের প্রতিটি পদক্ষেপের যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছেন। কারনাল পৌঁছানোর পর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং দলের শীর্ষ নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।