সাফ অভিযানে পাকিস্তানের বিপক্ষে ভারতের ছোটদের দুরন্ত জয়!
পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে শুরু ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের
নিজস্ব প্রতিবেদন, ঢাকা: আজ, ৫ই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ বি-এর ম্যাচে পাকিস্তানকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে নওশাদ মুসার প্রশিক্ষণাধীন ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিনিয়র দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্যস্ততার কারণে এই টুর্নামেন্টে তরুণদের নিয়ে গড়া দল পাঠিয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তান পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ভারতের তরুণ ব্রিগেডের কাছে হার মানতে হয়েছে তাদের।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলা ভারত প্রথমার্ধে দাপট বজায় রাখে। ম্যাচের ১৩ মিনিটে মোহনবাগানের তরুণ স্ট্রাইকার সুহেল ভাট গোল করে ভারতকে এগিয়ে দেন। এর ছয় মিনিট পর সূর্যবংশীর থ্রু বল থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সুহেল। ম্যাচের ৩২ মিনিটে পাঞ্জাব এফসির ফুটবলার মাংলেনথাং কিপগেন তৃতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ভারত। ৩৫ মিনিটে পাকিস্তান একটি পেনাল্টি মিস করায় প্রথমার্ধে ব্যবধান কমাতে ব্যর্থ হয় তারা।
দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে ভারতীয় দল। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের অন্তিম মুহূর্তে পাকিস্তান ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে নজীব উল্লাহ হেডের মাধ্যমে ব্যবধান কমান (১-৩)। এর তিন মিনিট পর অধিনায়ক আলমগীর গাজী আরও একটি গোল করলে স্কোরলাইন ৩-২ হয়ে যায়। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের সমতা ফেরানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভারত।
উল্লেখ্য, এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও রয়েছে মালদ্বীপ। এই জয়ের ফলে গ্রুপ বি-তে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল ভারত। টুর্নামেন্টে নিজেদের দশম শিরোপা জয়ের লক্ষ্যে সুহেলরা যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছেন, তা আজকের জয় থেকেই স্পষ্ট।