এক ম্যাচে ৫৩ লাল কার্ড! ব্রাজিলের ফুটবলে অবিশ্বাস্য এই কাণ্ড দেখে স্তব্ধ বিশ্ব
ব্রাজিলে ফুটবল ম্যাচে নজিরবিহীন ঘটনা: মোট ৫৩ জনকে লাল কার্ড দেখালেন রেফারি
নিজস্ব প্রতিবেদন: ফুটবল মাঠে খেলোয়াড়দের হাতাহাতি নতুন কিছু নয়, তবে ব্রাজিলের একটি ম্যাচে যা ঘটল তা বিশ্ব ফুটবলের ইতিহাসে নজিরবিহীন। ম্যাচের উত্তেজনার জেরে মোট ৫৩ জন ব্যক্তিকে লাল কার্ড দেখালেন রেফারি, যা ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ড।
ঘটনার সূত্রপাত মামোরে ও উবেরলান্দিয়ার মধ্যকার ম্যাচে। ম্যাচে মামোরে ৩-১ গোলে এগিয়ে থাকার সময় অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন দাভি। গোল উদযাপনের সময় তিনি প্রতিপক্ষের ডাগআউটের দিকে আপত্তিজনক অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। এই ঘটনায় মেজাজ হারিয়ে উবেরলান্দিয়ার গোলকিপিং কোচ মাঠে ঢুকে ওই খেলোয়াড়কে ধাক্কা মারলে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ৪৩ জন খেলোয়াড়, আটজন কোচিং স্টাফ এবং উবেরলান্দিয়ার দুই কর্মকর্তাকে সরাসরি লাল কার্ড দেখান। এর আগে ম্যাচের বিভিন্ন সময়ে আরও তিনজন খেলোয়াড় বহিষ্কৃত হয়েছিলেন। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩টিতে। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের সময় রেফারিকেও হুমকির মুখে পড়তে হয়েছিল বলে জানা গেছে।
এই ঘটনার ফলে ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম ডিভিশনের একটি ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানোর পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে গেল।
এদিকে, এই বিশৃঙ্খল পরিস্থিতির পর উবেরলান্দিয়া দল প্রতিযোগিতার সেমিফাইনালের ফিরতি লেগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে কোনো খেলা ছাড়াই সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে মামোরে।