ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে বড় সুখবর, নতুন শিল্পনীতিতে মিলবে ১০০% পিএফ ভর্তুকি!
বার্তা ডেস্কঃ
রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পক্ষেত্রে উৎসাহ জোগাতে নতুন শিল্পনীতির খসড়ায় বিশেষ ভর্তুকির প্রস্তাব আনল সরকার। রাজ্যের ক্ষুদ্র থেকে মাঝারি (MSME) শিল্পসংগঠনগুলিকে উৎসাহিত করতে নিয়োগকর্তাদের প্রভিডেন্ট ফান্ডের (EPF) অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। খসড়া নীতি অনুযায়ী, সংস্থাগুলি যদি মহিলা ও রূপান্তরকামী কর্মী নিয়োগ করে, তবে তাঁদের ক্ষেত্রে কর্মী ও পদের ভিত্তিতে ১০০ শতাংশ পিএফ অবদানের পুরো টাকাই ফেরত দেওয়া হবে। অন্যদিকে, পুরুষ কর্মীদের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ হবে ৫০ শতাংশ এবং উভয় ক্ষেত্রেই এই সুবিধা মিলবে টানা ১০ বছর ধরে।
পাশাপাশি, কর্মসংস্থান বাড়াতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বার্ষিক ৫ কোটি টাকা পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। অগ্রাধিকার প্রাপ্ত এলাকায় ন্যূনতম ২০০ জন এবং অন্যান্য এলাকায় ন্যূনতম ৪০০ জন কর্মী থাকলে এই সুবিধা পাওয়া যাবে, যেখানে প্রতিটি ইউনিটের জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা বরাদ্দ করা হতে পারে। তাছাড়া, যোগ্য এমএসএসই সংস্থাগুলির আধুনিকীকরণের জন্য মোট খরচের ৫০ শতাংশ পর্যন্ত (সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা) আর্থিক সহায়তার কথাও ভাবা হচ্ছে। নিয়োগকারী সংস্থার আর্থিক বোঝা কমিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।