কলকাতায় ফিরতেই হবে, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে বিপাকে টুলু মণ্ডল!
বার্তা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিদেশে থাকা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে আগামী ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শহরে পৌঁছানোর শর্ত সাপেক্ষে তাঁকে ৭ ডিসেম্বর পর্যন্ত সাময়িক আইনি সুরক্ষা বা রক্ষাকবচ দিয়েছে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চ। আদালতে টুলুর আইনজীবী জানান, তিনি দেশে ফিরে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতা এই তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলতে নারাজ হয়ে দাবি করেন যে, অভিযুক্ত একটি বড় অপরাধমূলক চক্রের সঙ্গে যুক্ত এবং সুরক্ষার সুযোগ নিয়ে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন।
আদালত স্পষ্ট জানিয়েছে, ১৭ নভেম্বরের মধ্যে কলকাতায় ফিরলে তাঁর শহরে ফেরার দিন থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত এই রক্ষাকবচ কার্যকর থাকবে এবং এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি দেশে না ফিরলে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও শীর্ষ আদালত নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। ফলে আপাতত আইনি সুরক্ষা মিললেও নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরার কঠোর বাধ্যবাধকতার মুখে পড়েছেন টুলু মণ্ডল।