প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে রাহুল গান্ধীকে তোপ অমিত শাহের!
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে INDIA জোটের আয়োজিত ‘মক পার্লামেন্ট’ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চণ্ডীগড়ের এক সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকলে রাহুল গান্ধীকে আজীবন মক পার্লামেন্টেই থাকতে হবে, কারণ বাস্তবে তাঁর সেই সুযোগ কোনোদিনই আসবে না। পাশাপাশি, রাহুলের ‘মহব্বত কি দুকান’ স্লোগানকে নিশানা করে তিনি দাবি করেন, সেখান থেকে মানুষ শুধুমাত্র ঘৃণাই কিনতে পারে।
রবিবার রামলীলা ময়দানে বিরোধীদের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশের প্রসঙ্গ টেনে অমিত শাহ ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার দিনে এমন কর্মসূচির আয়োজন করে কংগ্রেস শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিতর্কিত মন্তব্য ও দাঙ্গার ক্ষতে প্রলেপ না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপির অনুরোধ সত্ত্বেও বিদেশ থেকে নির্দেশ আসায় কংগ্রেস এই কর্মসূচি বাতিল করেনি। মোদী সরকারের আমলে দাঙ্গা মামলা পুনর্লিখন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।