রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, এবার মিলবে অগ্রিম বেতন!

বার্তা ডেস্কঃ

চিকিৎসা, সন্তানের পড়াশোনা কিংবা জরুরি আর্থিক প্রয়োজনে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ অগ্রিম বেতন প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ ‘ডি’ পর্যন্ত সমস্ত স্থায়ী কর্মী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি এই সুবিধার সুযোগ পাবেন। স্বল্পমেয়াদি ক্ষেত্রে মাসিক নিট বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম মিলবে, যা ৬০ দিনের মধ্যে সুদহীনভাবে ফেরত দিতে হবে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি ব্যবস্থায় সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা শোধ করা যাবে, তবে মাসিক ইএমআই কর্মীর বেতনের অর্ধেকের বেশি হতে পারবে না।

অর্থ দফতরের ই-গভর্ন্যান্স গ্রুপ এবং ডব্লিউবিআইএফএমএস পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই ঋণ প্রক্রিয়া পরিচালিত হবে। অনুমোদিত ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাগুলি যাচাইয়ের পর সরাসরি কর্মীর অ্যাকাউন্টে টাকা পাঠাবে এবং পরবর্তী বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেওয়া হবে। তবে কোনও কর্মী একই সময়ে একটির বেশি অগ্রিম চালু রাখতে পারবেন না এবং আগের ঋণ সম্পূর্ণ শোধ করার পরেই নতুন আবেদনের সুযোগ মিলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *